সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় মোঃ ছাদেক আলী ওরফে চতে (৬৫) নামের এক বৃদ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ই সেপ্টেম্বর) রাতভর র্যাব-১২ বগুড়ার সহায়তায় সোনাতলা থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামি উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে ছাদেক আলী।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়,গত ৩০শে জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উপজেলার নিমেরপাড়া গ্রামের একটি ছ-মিলের ভেতরে ১০ বছরের শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোবারক হোসেনের আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,ঘটনার সঙ্গে গ্রেপ্তার আসামির সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতরাতে ছাদেক আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ আরো জানিয়েছেন,মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


Post a Comment