ছবি:সংগৃহীত
নিউজ ডেস্ক :বগুড়া মহানগরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল বগুড়া মহানগরের জজ কোর্ট চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাল টাকার কারবারের অভিযোগে মো. রফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ছলিম উদ্দিন।
ডিবি জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। জব্দ করা এসব নোট আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Post a Comment