Top News

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

 

ছবি:সংগৃহীত 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং বৈধ আমদানি ছাড়াই বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ-এ বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং অবৈধভাবে আমদানি করা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে নগরীর তালাইমারী এলাকার মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সি ও মেসার্স আফরিন ফিলিং স্টেশন-এ বিশেষ মনিটরিং পরিচালনা করা হয়। এ সময় পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত রোধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়ে তদারকি করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post