ছবিঃ কে,এম,জাকির
কে,এম,জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
‘খেলবে শিশু, গড়বে দেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব ও ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। এতে রৌমারী উপজেলার প্রত্যন্ত এলাকার উদীয়মান ও প্রতিভাবান খুদে ক্রীড়াবিদদের জন্য উন্মুক্ত হয়েছে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা প্রকাশের এক সুবর্ণ সুযোগ। উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী (জন্মতারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬-এর মধ্যে) বালক-বালিকারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। মোট ১০টি জনপ্রিয় ও অলিম্পিক ধাঁচের খেলায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে— দলগত ও জনপ্রিয় খেলা: ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ভলিবল। একক ও ইনডোর খেলা:ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস ও সাঁতার। ট্র্যাক ও মার্শাল আর্ট: অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো ও জুডো)। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি ইভেন্টে নিবন্ধনের সুযোগ পাবে। নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মূল প্রত্যয়নপত্র। ৬ষ্ঠ/৮ম শ্রেণীর ভর্তি বা রেজিস্ট্রেশন কার্ড (প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পূর্ববর্তী বছরের ফলাফলের সত্যায়িত কপি)। প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত ‘টপ/টট লিস্টের’ কপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রৌমারীর ক্রীড়ানুরাগী ও সুশীল সমাজের মতে, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে সীমান্তঘেঁষা এই উপজেলার শিশুরা জাতীয় পর্যায়ে অভাবনীয় সাফল্য দেখাতে সক্ষম। আগ্রহী খুদে অ্যাথলেটদের নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ওয়েবসাইট (notunkurisports.gov.bd) থেকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে উৎসাহিত করা হচ্ছে।


Post a Comment