Top News

সোনাতলায় ৩০০ টাকা চুরির সন্দেহে মারপিটে রাজমিস্ত্রির মৃত্যু



সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ৩০০ টাকা চুরির সন্দেহে এক রাজমিস্ত্রিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা শাকিল (৩০) নামে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে নিজ বাড়ির সামনের বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়।

নিহত শাকিল দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শাকিলের বিরুদ্ধে চুরির সন্দেহ করেন একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবু (২৭) এবং মৃত রাশেদ মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (১৫)। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শাকিলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিএনজিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে সোনাতলা থানার  ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩০০ টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 



Post a Comment

Previous Post Next Post