Top News

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪


ছবি:বিজয় ২১নিউজ

নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালুতে  ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায়  দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন



নিহত অপর তিনজনের মধ্যে পিকআপের চালক, হেলপার ও আরেকজন মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।



কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী নওগাঁ গিয়েছিলেন। সেখানে মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয় বলেও জানান তিনি।


দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য বগুড়া-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নিহত চারজনের মরদেহ।


ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ট্রাকচালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

Post a Comment

Previous Post Next Post