ছবি:বিজয় ২১ নিউজ
সোনাতলা (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে। এ ঘটনায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে ৪জন যাত্রী ঘটনাস্থলে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া রেল স্টেশন থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেন সুখানপুকুর স্টেশনের ২নং লাইনে আসলে এর মধ্যেই বিপরীতে সোনাতলা থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটিও (নং-৪৯২) একই লাইনে প্রবেশের সময় মুখোমুখি ২০০ গজ দূরত্বে থেমে যায়।
দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণে বাঁচতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এ ঘটনায় অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে শালমারা মিরাপাড়ার মোহাম্মদ জাফিরুল ইসলাম (জাফিস) গুরুতর আহত হয়। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


Post a Comment