Top News

বগুড়ায় রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া রনি গ্রেপ্তার

 


ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগে দলিল লেখক মাসুদ পারভেজ রনিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (২৫ জুলাই) ভোরে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।


বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন রনি। নির্বাচনের পর বিকেলে তিনি ধারালো একটি অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে মহড়া দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।


ডিবি পুলিশ জানায়, ঘটনার পর বৃহস্পতিবার রাতেই রনির বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রনির দেওয়া তথ্যের ভিত্তিতে নাটাইপাড়ার বাসা থেকে ২৭ ইঞ্চি লম্বা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি আরও জানান, রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Post a Comment

Previous Post Next Post