Top News

বুবি’ নন, বাকপ্রতিবন্ধী নিহত বৃদ্ধা বগুড়ার ওয়াহিদা; হত্যার বিচার দাবি স্বজনদের

 


ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত বাকপ্রতিবন্ধী অসহায় বৃদ্ধা ‘বুবি’র প্রকৃত পরিচয় মিলেছে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত থাকলেও, মৃত্যুর পর জানা গেছে তার আসল নাম ওয়াহিদা বেগম। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার নারুয়ামালা ডাকঘরের ঘোষ শাখাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের মেয়ে।


শনিবার (১১ জুলাই) দুপুরে রায়পুরায় নিহত বৃদ্ধার কবর জিয়ারত করতে এসে তার ছোট বোনের জামাতা সেকেন্দার এই তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্যাতন করে হত্যা ও তার জমানো টাকা লুটের খবর দেখে সন্দেহ হয়। পরে ছবিটি স্ত্রী রাবেয়া খাতুনকে দেখালে তিনি নিহত নারীকে নিজের খালা হিসেবে শনাক্ত করেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের দেখানো হলে তারাও নিশ্চিত হন যে, নিহত ওই নারীই দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ওয়াহিদা বেগম।


দীর্ঘদিন পর স্বজনের সন্ধান পেলেও তা মৃত্যুর মধ্য দিয়ে—এ বেদনা নিয়ে পরিবার স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদা বেগমের বিয়ে হয়েছিল। তবে অনেক আগেই তার স্বামী মারা যান। তাদের একমাত্র কন্যাসন্তান জন্মের কয়েকদিন পরই মারা যায়। চার ভাই ও চার বোনের সংসারে দুই ভাই আগেই মারা গেছেন। ওয়াহিদা বেগমের মৃত্যুর পর বর্তমানে তার তিন বোন জীবিত রয়েছেন।


রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, শনিবার দুপুরে ওই বৃদ্ধার আত্মীয় পরিচয়ে দুজন একটি পুরোনো ছবি নিয়ে এসে তার কবর জিয়ারত করেন। মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার তাদের নাম-পরিচয় সংরক্ষণ করেছেন, যাতে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।


উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য৭ কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে প্রায় ৮০ বছর বয়সী ওয়াহিদা বেগম মারা যান। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এই নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে

Post a Comment

Previous Post Next Post