ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি বগুড়া: বগুড়া সদর থানার গেটের সামনে আকবরিয়া হোটেলের এক কর্মচারীর হাতে নির্যাতনের শিকার হওয়া বৃদ্ধ অটোচালকের ঘটনায় নতুন তথ্য৭ জানিয়েছেন তার নৌবাহিনীতে কর্মরত প্রকৌশলী ছেলে।
তিনি বলেন, “আমার বাবার সঙ্গে যে অন্যায় হয়েছে, চাইলে আমি আইনের আশ্রয় নিয়ে এর বিচার চাইতে পারি। তবে আমরা কোনোভাবেই চাই না স্বনামধন্য আকবরিয়া হোটেলের সুনাম ক্ষুণ্ন হোক।”
তিনি আরও জানান, তাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল। তার এক ভাই পবিত্র কোরআনের হাফেজ এবং তিনি নিজে বাংলাদেশ নৌবাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মরত। আল্লাহর রহমতে তাদের পরিবারের এমন সামর্থ্য রয়েছে যে ১৫–২০ জন মানুষের ভরণপোষণের দায়িত্বও নিতে পারবেন। কিন্তু তাদের বাবা নিজের ইচ্ছায় অবসর জীবনেও অটোরিকশা চালান। তিনি কারও ওপর নির্ভর করে বসে থাকতে চান না; কর্ম করেই জীবন কাটাতে ভালোবাসেন।
নৌবাহিনীর এই কর্মকর্তা আবেগঘন কণ্ঠে আরও বলেন, “ছোটবেলায় লেখাপড়ার সময় আকবরিয়া হোটেলের মালিক আমাকে অর্থ ও পোশাক দিয়ে সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতার কথা আমি কখনো ভুলিনি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। তাই আমরা চাই না একটি কর্মচারীর ভুলের কারণে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হোক।”
তিনি জানান, ঘটনার পর আকবরিয়া হোটেলের মালিক নিজেই তার সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি নির্যাতিত বৃদ্ধের কাছে ক্ষমা চাইবেন বলেও আশ্বাস দিয়েছেন। পরিশেষে তাকে সেই বৃদ্ধ বাবার বয়সী মানুষের কাছে হাত পা ধরে ক্ষমা চাইয়েছেন আকবরিয়া হোটেল কর্তৃপক্ষ।
তিনি বলেন, “হোটেল কর্তৃপক্ষ যে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। তাই সাংবাদিক ভাইদের কাছে আমাদের বিনীত অনুরোধ, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে যেন আকবরিয়া হোটেলের দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত না হয়।”


Post a Comment