Top News

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ: মীর শাহে আলম

 

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাজেট বাস্তবায়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও শুরু করেছে।


নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নতুন শিল্প ও ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে সন্তান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সম্পত্তি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস সম্পূর্ণ বৈধ। এ নিয়ে কারও কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। নির্বাচনী হলফনামায়ও তার সম্পদের সব তথ্য প্রকাশ করা হয়েছে।


তিনি অভিযোগ করেন, সম্পদের প্রকৃত চিত্র উপেক্ষা করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।


সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করার আগে তার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের অংশবিশেষ নয়, পুরো বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান তিনি।


নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, তিনি জাতীয় রাজনীতির বড় নেতা হিসেবে নয়, তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের সুযোগ চান তিনি।


তিনি বলেন, “শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে আমার যে মেধা ও সক্ষমতা আছে, তা দেখানোর সুযোগ পাব না। আমাকে অন্তত কাজ করার সুযোগ দেওয়া উচিত।”


দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরও তার পরিবারকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে যোগ্যতার ভিত্তিতে পরিবারের কোনো সদস্য দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, কাউকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে যথাযথ তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন।


সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Post a Comment

Previous Post Next Post