ছবি:বিজয় 21news
সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোনাতলা থানাধীন জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া মোড়ে এক ঝটিকা অভিযান চালায় পুলিশ।
এ সময় শিচারপাড়া গ্রামস্থ জনৈক মোঃ বদরুল আনামের মুদিখানা দোকানের ২৫ গজ উত্তরে পাকা রাস্তার পূর্ব পাশ থেকে মোঃ জাহিদুল শেখ (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে শিচারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে। আটকের সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
একই দিনে পরিচালিত এই বিশেষ অভিযানের অন্যান্য ধাপে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আচারের পাড়া গ্রামের মোঃ ছামছুলের ছেলে মোঃ বেল্লাল ওরফে বিল্লাল, দক্ষিণ আটকরিয়া গ্রামের মোঃ মকবুল হোসেন আকন্দের দুই ছেলে মোঃ মনিরুল ইসলাম আকন্দ ও মোঃ মোস্তাফিজার রহমান আকন্দ এবং সোনাকানিয়া গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে মোঃ মিঠু মিয়া। এছাড়াও এই অভিযানে পরোয়ানাভুক্ত আরও দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতারকৃত মোট সাতজন আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে সোনাতলা থানা পুলিশ। সোনাতলা থানা পুলিশ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Post a Comment