Top News

সোনাতলায় ধর্ষন ও পর্নোগ্রাফি মামলার ৩ আসামি গ্রেফতার

 


ছবি:বিজয়21news


সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় পৃথক অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং ইয়াবাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে সোনাতলা থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে উপজেলার দিগদাইর ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া এলাকার জুবলু রহমানের ছেলে মো. শাহ আলম মঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ মে গভীর রাতে কলেজ স্টেশন এলাকার দুই সন্তানের জননী এক নারীর ঘরে অবৈধভাবে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে মঞ্জু মিয়ার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ওই নারীর দুই সন্তান ঘুমিয়ে ছিল এবং তাঁর স্বামী বিদেশে কর্মরত ছিলেন। এছাড়া অভিযুক্ত ধর্ষণের ঘটনাটি ভিডিও ধারণ করেন, যা পর্নোগ্রাফি আইনের আওতায় অপরাধ হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।


ওই মামলার অপর দুই আসামি মো. স্বাধীন ইসলাম ও মো. রবিউল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


এদিকে পৃথক আরেক অভিযানে ব্যাংকের চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মো. মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।


অন্যদিকে মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Post a Comment

Previous Post Next Post