আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তারকাঁটার বেড়ার ইস্যুতে বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফিরোজ হোসেন নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তিনি দৈনিক মানবজমিন,সাতমাথা এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিজয়২১ নিউজের আদমদীঘি উপজেলা প্রতিনিধি এবং সান্তাহার শহর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শনিবার সকাল থানায় চার জনের নাম উল্লেখ করে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় ঘটনাটি ঘটে।
অভিযোগে সূত্রে জানা যায়, ঘটনার সময় তাদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিল। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয় । পরে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাকে তার বাবাসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দেন। তারা হলেন-উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম কুমারপাড়ার সাথী বেগম (৩০), বিহিগ্রাম ওস্তাদপাড়ার আসমা বেগম (৪৭), নওগাঁর রানীনগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার (৩৮) ও বিহিগ্রাম কুমারপাড়ার আব্দুর রহমান (৬০)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment