বগুড়া প্রতিনিধি: প্রথমবার অংশ নিয়েই বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে বাজিমাত করেছে বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি কর্পোরেশন দল।
নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারেও প্রথমে উভয় দল ৪-৪ গোলে সমতায় থাকলে শেষ পর্যন্ত অতিরিক্ত একটি করে শট নেওয়ার সুযোগ দেওয়া হয়। বগুড়া সিটি কর্পোরেশন গোল করতে সক্ষম হলেও বগুড়া সদর উপজেলার নেওয়া ফলাফল নির্ধারণী শটটি দুর্দান্তভাবে রুখে দেন সিটি কর্পোরেশনের গোলরক্ষক আব্দুল হাকিম।
গুরুত্বপূর্ণ সেই শট ঠেকিয়ে দলের শিরোপা নিশ্চিত করার পাশাপাশি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গোলরক্ষক আব্দুল হাকিম।
ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন দলকে নগদ ৩ লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলকে নগদ দেড় লাখ টাকা ও ট্রফি প্রদান করা হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরুসহ অন্যান্যরা।
বগুড়া জেলার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি কর্পোরেশন দল নিয়ে এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
এদিকে ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মাঠের চারপাশে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। অনেককে আশপাশের উঁচু ভবনের ছাদ, গাছের ডাল এবং শহীদ চান্দু স্টেডিয়ামের পরিত্যক্ত ফ্লাডলাইট টাওয়ারে উঠে খেলা দেখতে দেখা যায়।


Post a Comment