Top News

সোনাতলায় পিচ জ্বালানো মেশিনের ধোয়ায় পরিবেশ দূষন রোধে দাবিতে পৌর প্রশাসকের কাছে এলাকাবাসীর অভিযোগ

 




সোনাতলা প্রতিনিধি :

বগুড়ার সোনাতলা পৌরসভার প্রাণকেন্দ্রে রাস্তা সংস্কারের কাজে পিচ পোড়ানোর কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার বরাবর ৭ নম্বর ওয়ার্ডের আগুনিয়াতাইড় মাস্টারপাড়ার বাসিন্দাদের পক্ষে এ অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, সোনাতলা রেলওয়ে স্টেশনের আশপাশে পৌরসভার রাস্তা সংস্কারের কাজে পিচ পোড়ানো হচ্ছে। এতে কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে আশপাশের আবাসিক এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। গত দুই দিন ধরে ধোঁয়ার কারণে বাড়িঘরের দরজা-জানালা খোলা যাচ্ছে না। শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে ছাই পড়ে যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং টাইলস ও বসার স্থান কালো ধোঁয়ায় নোংরা হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

এলাকাবাসী জানান, তারা পৌরসভার উন্নয়নের পক্ষে। তবে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হোক, তা চান না। তাই পৌর এলাকার আবাসিক ও জনসমাগমপূর্ণ স্থান থেকে পিচ পোড়ানো বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, “রাস্তার কাজটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। একদিকে কাজটি দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলাকায় জায়গার সংকট থাকায় বাধ্য হয়েই এখানে মেশিন স্থাপন করা হয়েছে। তবে এতে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়া এবং বাড়িঘর নোংরা হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পাঁচ দিনের কাজ যেন দুই দিনের মধ্যে শেষ করা যায়, সে বিষয়ে ঠিকাদারকে নির্দেশ দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে পৌরসভার নতুন কোনো কার্পেটিং রাস্তার কাজ করা হবে না। নতুন রাস্তার ক্ষেত্রে কার্পেটিংয়ের পরিবর্তে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে কাজ করার পরিকল্পনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post