সোনাতলা প্রতিনিধি- বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফাজিলপুর গ্রামের মো. ফজল উদ্দিনের ছেলে মো. শিপন (২৫) এবং মো. মজনু মিয়া (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল ফাজিলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে শিপন ও মজনু মিয়াকে গাঁজা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা সেবনের পাইপসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাদক সেবনের সরঞ্জাম ও অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।


Post a Comment