Top News

শিবগঞ্জে নির্মাণের তিন দিনেই ধসে পড়ল সড়ক, অনিয়মের অভিযোগ

 


ছবি: বিজয়21news

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার চলনাকাঁথী-হরিপুর সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়কের কয়েকটি স্থানে ধসে পড়েছে। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ফেলে ধসে যাওয়া অংশগুলো সাময়িকভাবে ভরাট করলেও সাম্প্রতিক বৃষ্টিতে আবারও সেগুলো ধসে পড়ে। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে এবং সড়কটি এখন যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।


সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের কয়েকটি স্থানে পাশের অংশ ভেঙে নিচে নেমে গেছে। কোথাও কার্পেটিংয়ের নিচের মাটি সরে গিয়েছে, আবার কোথাও ইট ও খোয়া বেরিয়ে এসেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও ধসে পড়া অংশে কোনো সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়েনি।


স্থানীয়রা জানান, গত ২০ মে সড়কটির কার্পেটিং কাজ শেষ হয়। কিন্ত কাজ শেষ হওয়ার তিন দিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। তখন এলাকাবাসী নিজ উদ্যোগে মাটি দিয়ে ধসে যাওয়া অংশগুলো ভরাট করে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তবে বৃষ্টিতে আবারও সেই অংশগুলো ধসে গিয়ে বর্তমানে বড় আকার ধারণ করেছে।


স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি। রাস্তার পাশের সুরক্ষা ব্যবস্থা ও ভিত্তি যথাযথভাবে নির্মাণ না করায় অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সড়ক নির্মাণের জন্য সরকার তো টাকা কম দেয়নি, যা প্রয়োজন তাই দিয়েছে। তাহলে রাস্তার কাজের মান খারাপ হবে কেন? রাস্তার কাজের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ আসে, সেটি সঠিকভাবে কাজে লাগালে রাস্তার এই অবস্থা হত না।"


এ বিষয়ে বক্তব্য নিতে সোমবার দুপুরে শিবগঞ্জ এলজিইডি অফিসে গেলে প্রকৌশলী সিহাদুল ইসলাম বলেন, কোনো প্রকার বক্তব্য দিতে পারব না। সড়ক নির্মাণ সংশ্লিষ্ট তথ্য জানতে চাইলে তিনি বলেন তথ্য তো আমার মুখস্থ নাই, আগামীকাল (মঙ্গলবার) কল দিয়েন। তবে পরেরদিন মঙ্গলবার তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

Post a Comment

Previous Post Next Post