ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া শহরের গোদারপাড়া বাজার এলাকায় অবস্থিত এসএএস এগ্রো ফুডসের ‘বন্ধন মসলা’ কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া করে মসলা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া বিএসটিআইয়ের মানসনদ ও মোড়কীকরণ সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কে এসব সনদের তথ্য উল্লেখ করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযানে প্রতীয়মান হয়। মোড়কজাত মসলার গায়ে মিথ্যা তথ্য প্রচারেরও অভিযোগ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, কারখানার খাদ্যকর্মীরা প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


Post a Comment