Top News

ইনকিলাব মঞ্চ থেকে জাবের ও জুমার পদত্যাগ

 


ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান সহসভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


একই সঙ্গে তারা শহীদ ওসমান হাদির ওয়ারিশদের কাছে ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে সংগঠনটি দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আব্দুল্লাহ আল জাবের তার বার্তায় উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি জীবদ্দশায় সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটিকে ‘জনতার আমানত’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল।


তিনি আরও জানান, গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ অবস্থায় শহীদ ওসমান হাদির প্রতি সম্মান এবং তার ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই করে সংগঠনটি তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জাবের আরও বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮ সেন্টারসহ সংশ্লিষ্ট কিছু হিসাব স্থগিত থাকায় সেগুলো ছাড়া তার দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে।


পোস্টের শেষাংশে তিনি ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post