Top News

শিবগঞ্জে রাইস মিল ব্যবসায়ীকে হত্যা, তিন ট্রান্সফরমার চুরি

 


মোঃ মিনহাজ আলী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিল ব্যবসায়ী মোহাম্মদ আলী(৭০) কে হত্যা করে মিল থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কিচক ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মোহাম্মদ আলী ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছির উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি রাইস মিলের মালিক ও ব্যবসায়ী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও মোহাম্মদ আলী তার রাইস মিলে অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।


সোমবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "নিহতের হাত-পা ও মুখ বাঁধা ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যা করে মিলের তিনটি ট্রান্সফরমার চুরি করা হয়েছে। তবে এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।"


ওসি আরও বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

Previous Post Next Post