কে.এম.জাকির
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পৃথক স্থানে পানিতে ডুবে প্রাণহানি ও নিখোঁজের হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রোববার উপজেলায় পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে গিয়ে এক শিশু নিখোঁজ রয়েছে। ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ লামিয়া স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড় ১২টার দিকে উপজেলার সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে লামিয়া খাতুন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। একপর্যায়ে নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা নদে নেমে অনেক খোঁজাখুঁজি করেন। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বাড়ির পাশের পুকুরে প্রাণ গেল সোয়াইবের অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশমারী (মাঠের ভিটা) গ্রামের মো. নবীর হোসেনের পাঁচ বছরের ছেলে মো. সোয়াইব হোসেন নিখোঁজ হয়। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে সোয়াইবের লাশ ভেসে উঠতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা দুটি পৃথক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Post a Comment