ছবি:বিজয় 21 news
নিউজ ডেস্ক : বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালীতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয়টি ধ্বংসের চক্রান্ত এবং ৩ জন অসৎ শিক্ষকের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ সোমবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে. সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী রাজীব প্রসাদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, তাঁর তিল তিল করে গড়ে তোলা ও চরম আর্থিক সংকটের সময় মা ও স্ত্রীর অলংকার বিক্রি করে টিকিয়ে রাখা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে কতিপয় অকৃতজ্ঞ শিক্ষক ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে. তিনি জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: তাহের শেখ, ইংরেজি শিক্ষক মো: মানিক মিয়া এবং বিজ্ঞান শিক্ষক মো: পিলিন মিয়া ছাত্রীদেরকে তাঁদের কাছে জোরপূর্বক প্রাইভেট ও কোচিং পড়তে বাধ্য করতেন এবং এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে গত ১ জুলাই ২০২৬ তারিখে প্রতারণার আশ্রয় নিয়ে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়ার কু-প্ররোচনা ও মগজধোলাই দেন। পরবর্তীতে ২ জুলাই ২০২৬ তারিখে ওই শিক্ষকরা নিজেরা বিদ্যালয়ে না এসে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে অন্যত্র নিয়ে গিয়ে পাঠদান শুরু করেন, যা বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্নসহ ছাত্রীদের শিক্ষাজীবন বিপন্ন করছে।এই অসাধু শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা অফিস এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উল্লেখ করে প্রতিষ্ঠাতা রাজীব প্রসাদ এই প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ের ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Post a Comment